আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ এএম

আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে ও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের প্রতিবাদে জামালপুর পৌর শহরের দয়াময়ী মোড়ে সড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টার দিকে দয়াময়ী মোড় অবরোধ করেন তারা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আবদুল্লাহ বিন রশিদ ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, জামালপুরে গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ব্যানারে মিছিল হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতি গ্রাফিতি নষ্ট করাসহ যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকা-ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছি। প্রশাসন এখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে না। দু-একজনকে গ্রেপ্তার করলেও দ্রুত আদালত জামিন দিচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ‘আমরা দেখেছি বিভিন্ন সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করছে। দুদিন আগেও দিনের বেলায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল হয়েছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। এ ছাড়া রাঘব বোয়ালদের আটক না করে চুনোপুঁটি গ্রেপ্তার করছে। তাদের দ্রুত সময়ে আবার জামিনেও ছেড়ে দেওয়া হচ্ছে। এই দায় প্রশাসনকেই নিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত