প্লে-অফের স্বস্তি আর অস্তিত্বের লড়াই

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তাকালে চোখে পড়বে অদ্ভুত এক ‘বৈষম্য’। অংশ নেওয়া ৭ দলের ভেতর দুটো দল আগেই নিশ্চিত করে ফেলেছে শেষ চারের সমীকরণ, শিরোপার লড়াইয়ে নামার আগে শক্তি বাড়াতে তারা খুঁজছে নতুন কোনো বিদেশি ক্রিকেটার। একটা দল চলে গেছে সব সমীকরণের বাইরে। বাকি চার দল ব্যস্ত অস্তিত্বের লড়াইয়ে। নানান অঙ্কের মারপ্যাঁচে টিকে আছে তাদের গাণিতিক সম্ভাবনা।

১০ ম্যাচে ৮ জয় নিয়ে ১৬ পয়েন্ট করে পেয়েছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে এই দুই দলেরই মুখোমুখি হওয়ার জোরালো সম্ভাবনা। আসরের বাকি ২ দলের চেয়ে সবদিকে এগিয়ে রংপুর ও বরিশাল। দুই দলই খেলোয়াড়দের সবরকম সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে, সৃষ্টি করেছে নিজেদের সেরাটা দেওয়ার উপযুক্ত পরিবেশ। বিদেশি তারকা ক্রিকেটারদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদেরও দলে নিয়েছে এই দুই ফ্র্যাঞ্চাইজি, যার ফলটা তারা পেয়েছে গোটা আসর জুড়ে। বরিশাল হেরেছে ২ ম্যাচ, দুবারই প্রতিপক্ষ রংপুর রাইডার্স। কাইল মায়ার্সের শেষ ওভারে ৩০ রান নিয়ে অবিশ্বাস্য ভাবে ম্যাচ জিতিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। অন্যদিকে রংপুর ৮ ম্যাচ অপরাজিত

থাকার পর টানা দুটো ম্যাচ হারল দুর্বার রাজশাহীর কাছে। নানান বিতর্কে জেরবার একটা দল, যে দলটা রংপুরের বিপক্ষে  ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটারকে মাঠে নামাতে পারেনি পারিশ্রমিক না দেওয়ার কারণে, সেই দুর্বার রাজশাহীর কাছেই পরপর দুটো ম্যাচে হেরেছে রংপুর রাইডার্স। তাতে টানা জয়ের আত্মবিশ্বাসে লেগেছে ধাক্কা, নানান অঘটনের বিপিএলে এই নিয়ে আছে ফিসফাসও। বিশেষ করে শেষ ওভারে সাইফ উদ্দিন যেভাবে সিঙ্গেল রিফিউজ করলেন তাতে দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলও হয়েছেন অবাক। তবে ‘অন্য রকম’ বিপিএলে এত অন্য রকম গন্ধের ছড়াছড়ি যে এসব চাপা পড়ে যাচ্ছে।

অস্ট্রেলিয়ায় বিগব্যাশ লিগ শেষ হয়েছে, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি চললেও প্লে-অফে উঠতে না পারা দলের খেলোয়াড়দের দিকে চোখ রংপুর আর বরিশালের। রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার ইঙ্গিত দিয়েছেন ডেভিড ওয়ার্নারকে নিয়ে আসার। সিডনি থান্ডার্সের হয়ে বিগব্যাশ লিগের ফাইনালে খেলা ওয়ার্নার চলে আসতে পারেন রংপুরের তাঁবুতে। ফরচুন বরিশাল যোগাযোগ করছে কিউই পেসার অ্যাডাম মিলনের সঙ্গে। এসএ টোয়েন্টির পয়েন্ট টেবিলে সবচেয়ে নিচে ডারবান সুপার জায়ান্টস। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএ টোয়েন্টির প্লে-অফ পর্ব। সেখানে সুযোগ না পাওয়া ডারবান সুপার জায়ান্টস দলের হেনরিখ ক্লাসেনকে বাংলাদেশে আনার চেষ্টাও করছে কেউ কেউ।

দুর্বার রাজশাহী শত প্রতিকূলতার পরেও তাসকিন আহমেদের নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অপ্রত্যাশিতভাবে প্লে-অফের চৌকাঠে দাঁড়িয়ে। দলের মালিকের দেওয়া চেক বাউন্স হচ্ছে, বিদেশি ক্রিকেটাররা হোটেলে বসে থেকেছে তবুও উড়তে থাকা রংপুরকে মাটিতে নামিয়েছে দুর্বার রাজশাহী। জিতেছে পর পর তিন ম্যাচ। খেলোয়াড়রা এত কিছুর পর দিয়েছেন নিজেদের সেরাটা। তবে মালিক বোধহয় পার পেয়েই যাবেন এত কিছুর পরও, যে দায় মেটাতে হবে বিসিবিকেই। মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেছেন, ‘আমার চুক্তির সব কাগজপত্র আইনজীবীর কাছে পাঠিয়েছে’। তবে জামানত হিসেবে কিছু রাখা আছে কি না, (ব্যাংক গ্যারান্টি) সেই উত্তর নেই তার কাছে। অতএব এই দায় আসছে বিসিবির কাঁধেই, রাজশাহীর এক ক্রিকেটার গণমাধ্যমে সেই আশাই ব্যক্ত করেছেন, ‘২ তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে, চেক থেকে টাকা তোলার। কিন্তু আজই তো চেক বাউন্স করল। মালিক মনে হয় না আমাদের কোনো টাকা দেবে! ১৮ দিনের ডিএ (দৈনিক ভাতা) বাকি এখনো। আপাতত যে মালিক আছেন তিনি অবশ্যই জানতেন যে চেক বাউন্স করবে, এই জন্যই সে চেক দিয়েছে। সে টাকা দেওয়ার লোক না! আমাদের ভরসা এখন বিসিবি, বিসিবি যদি দলটার দায়িত্ব নেয় তাহলে আমরা একটু শান্তি পাই। বিসিবির অধীনে দল গেলে আমরা খেলতে নামব, নাহলে খেলার তো কোনো প্রশ্নই আসে না’। একটা ফ্র্যাঞ্চাইজি আসরের মাঝপথে বিসিবি কেনই বা একটা দলের দায়িত্ব নিতে যাবে, তাতে যে স্বার্থের সংঘাত ঘটবে এসব কিছুরও কোনো ব্যাখ্যা নেই।

চিটাগং কিংসের মালিক প্রকাশ্যেই বলেছেন উনার টাকার গাছ নেই। ব্যক্তিগত কারণে পারভেজ হোসেন ইমনকে টাকা দিচ্ছেন না। কান পাতলে শোনা যায়, রাজশাহীর মতো অবস্থা চিটাগং কিংসেও, তবে কেউ নাকি ভয়ে মুখ খুলছেন না! এই দলটা পয়েন্ট টেবিলেও রাজশাহীর গা ঘেঁষে, ৩ ম্যাচ কম খেলে ২ পয়েন্ট পেছনে। আজ দুপুরে রংপুরের বিপক্ষে ম্যাচ, আর শেষটা ফরচুন বরিশালের বিপক্ষে। মাঝে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একটা ম্যাচ আছে চিটাগং কিংসের, যে দলটা হেরেছে প্রায় সবগুলো ম্যাচ। অন্তত নিশ্চিত ২ পয়েন্ট ধরে রাখতে পারে চিটাগং কিংস, সঙ্গে টেবিলের ওপরের ২ দলের কোনো একটাকে হারাতে পারলে তাদেরও প্লে-অফে দেখা যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত