কোয়ালিফায়ার্সে কিংস ব্রাদার্স

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

প্রথম তিন ম্যাচ থেকেই সাত পয়েন্ট তুলে নিয়ে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার্সে যাওয়ার পথ প্রশস্ত করেছিল ফর্টিস এফসি। শক্তিশালী বসুন্ধরা কিংস ও ঢাকা ওয়ান্ডারার্সকে হারানোর আগে তারা পুলিশের সঙ্গে ড্র করেছিল। তারপরও তাদের বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। মঙ্গলবার ওয়ান্ডারার্সের বিপক্ষে বসুন্ধরার ৫-০ ব্যবধানে জয় ও পুলিশের সঙ্গে ব্রাদার্সে গোলশূন্য ড্রয়ে কপাল পুড়েছে ফর্টিসের। এই জয়ের কিংস হয়েছে এ গ্রুপের সেরা। আর ব্রাদার্স কোয়ালিফায়ার্সে তাদের সঙ্গী হয়েছে হেড টু হেডে ফর্টিসকে পেছনে ফেলে।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে দুর্বল ওয়ান্ডারার্সকে দাঁড়াতেই দেয়নি বসুন্ধরা কিংস। তিন দিন আগেও এই প্রতিপক্ষকে লিগের ম্যাচে ৫-০ ব্যবধানে হারিয়েছিল বসুন্ধরা। সেই ম্যাচটি হয়েছিল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে। মঙ্গলবার ভেন্যু বদলালেও ব্যবধান একই রাখে কিংস। সেই ম্যাচের মতো এই ম্যাচেও কিংসের পাঁচজন পেয়েছেন গোলের দেখা।

নতুন ফরম্যাট অনুযায়ী বসুন্ধরা কিংসকে কোয়ালিফায়ার্স-১ এ খেলতে হবে বি গ্রুপের সেরার সঙ্গে। সেই ম্যাচে যারা জিতবে তারা উঠে যাবে ফাইনালে। আর ব্রাদার্স খেলবে প্রথম এলিমিনেটর। সেটা জিতলে তাদের সুযোগ থাকবে দ্বিতীয় এলিমিনেটরে খেলার। আর দ্বিতীয় এলিমিনেটরের বিজয়ী খেলবে ফাইনালে। কোয়ালিফায়ার্সে কিংস ও প্রথম এলিমিনেটরে ব্রাদার্সের প্রতিপক্ষ কারা হবে, সেটা নিশ্চিত হবে ৩১ জানুয়ারি। বি গ্রুপ থেকে ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে রহমতগঞ্জ ও আবাহনী। বসুন্ধরা কিংস অ্যারেনায় এই দুই দলের মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে। অপর ম্যাচে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া মোহামেডানের প্রতিপক্ষ ফকিরেরপুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত