ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠনে দুর্নীতি নির্মূল করতে হবে: দুদক চেয়ারম্যান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেছেন,আমাদের আকাঙ্ক্ষা হলো একটা ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠিত হোক। সেই ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠন করতে হলে সর্বক্ষেত্রে দুর্নীতি নির্মূল করতে হবে। কিন্তু তা নির্মূল হবে কিনা জানি না। দুর্নীতি সেই পুরনো আমলেও ছিল, অদূর ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পারব। তার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা। 

বুধবার (২৯ জানুয়ারি) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আপনাদের সবাইকে বলব, সবার আগে লক্ষ্য রাখবেন দুর্নীতি দমন কমিশনের যারা কাজ করছি তারা দুর্নীতিগ্রস্ত কি-না। এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা সেবাদাতা এবং সেবাগ্রহীতার কথা বলি, সংকটটা সেবাগ্রহীতাকে নিয়ে নয়, সেবাদাতাকে নিয়ে। সেবাগ্রহীতার প্রত্যাশা থাকতেই পারে। কিন্তু সেবাদাতা কতটা সদিচ্ছা রাখেন সেবা দিতে সেটাই হচ্ছে বিষয়। আমরা বিশ্বাস করি আমরা যদি ন্যায় বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের ক্ষমতার প্রয়োগটা, ক্ষমতা আমরা যেটাকে অনুভব করি সেই প্রয়োগটা আমাদের কমিয়ে আনতে হবে। দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে। 

অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মো. আলী আকবর আজিজি, দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) হাফিজ আহসান ফরিদ এবং দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. আক্তার হোসেন।  

এ ছাড়াও কুমিল্লার জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং সকল সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত