পুঁজিবাজারে বিশেষ তহবিলের সময় বাড়ানোর প্রস্তাব

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ এএম

পুঁজিবাজারকে স্থিতিশীল করতে বিনিয়োগের জন্য বিশেষ তহবিলের সময়সীমা বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করার দাবি জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে তহবিলের আকার প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য ২০০ কোটি থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা নির্ধারণের সুপারিশ করেছে সংগঠনটি।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এসব বিষয়ে সুপারিশ করে একটি চিঠি দিয়েছে। চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকেও পাঠানো হয়েছে।

চিঠিতে ডিবিএ বলেছে, বাংলাদেশের পুঁজিবাজার একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত ২০২১ সালের শেষ থেকে পুঁজিবাজারে দীর্ঘ মন্দা বিরাজ করছে, যার ফলে ইক্যুইটি বাজার মূলধন (প্রায় ৪০% বা ২ হাজার ৩০০ বিলিয়ন) উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই মন্দা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (যেমন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড) এবং বাজার মধ্যস্থতাকারী, স্টক-ব্রোকার এবং অন্য অংশীদারদেরসহ ২০ লাখেরও বেশি বিনিয়োগকারীকে প্রভাবিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত