ঈশ্বরদীতে থানা ঘেরাও বৈষম্যবিরোধী ছাত্রদের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ এএম

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি ইব্রাহিম রহমানের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে থানা ভবন ৪ ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঈশ্বরদী থানা ভবনের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এতে রাস্তার উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকে পড়ে। কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা থানার ওসির প্রত্যাহার দাবি করেন। বিক্ষোভ কর্মসূচিতে আগামী সাত দিনের মধ্যে মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

পরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের গ্রেপ্তারে সাত দিনের সময় বেঁধে দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তানজিদুর রহমান দিহান, মাহিন মেহরাব, মেহের হোসেন শাওন প্রমুখ।   

গত ২৩ জানুয়ারি রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও শহরের ফেরদৌস কলোনি এলাকার মৃত আবদুস সালাম ডালুর ছেলে ইব্রাহিম রহমানের ওপর গুপ্ত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ওইদিন রাতেই পৌর ছাত্রলীগ নেতা শাকিল হোসেন, রিফাতসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেন ইব্রাহিম। এ ঘটনায় পরদিন সাব্বির হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত