শহীদ পরিবারের সংবাদ সম্মেলন

অভিযুক্ত বিডিআর জওয়ানদের মুক্তি দাবি অযৌক্তিক

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ এএম

পিলখানায় বিডিআর বিদ্রোহে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং তাদের মুক্তি দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। তারা বলেছেন, ‘বিডিআর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা।’

গতকাল বুধবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন পিলখানায় শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খানের মেয়ে ডা. ফাবলিহা বুশরা।

তিনি আরও বলেন, ‘বিডিআর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপথগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই। তাদের মুক্তি দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তাই আমাদের একান্ত দাবি, সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে বাহিনীটিকে কলঙ্কমুক্ত করা হোক। সঠিক বিচার না হলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াটা অস্বাভাবিক নয়।’

কার্নেজ-পরবর্তী সময়ে তৎকালীন সরকারের গঠিত আনিসুজ্জামান তদন্ত কমিশন, সেনাবাহিনী গঠিত সেনা তদন্ত, সিআইডি তদন্ত এবং বিডিআর ইউনিটের তদন্তে রাজনৈতিক কারণে পেছনের ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসেনি উল্লেখ করে বুশরা বলেন, ‘তাদের তদন্তে বিপথগামী বিডিআর জওয়ানদের সরাসরি অংশগ্রহণে ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ম্যাসাকার সংঘটিত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত। পর্যাপ্ত প্রমাণ এবং শহীদ ও বেঁচে ফেরা অফিসারদের সাক্ষীর ভিত্তিতে সিভিল কোর্ট ও বিডিআর কোর্টে বিপথগামী জওয়ানদের দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। সিভিল আদালতে হত্যা ও অস্ত্র-গোলাবারুদের মামলা পরিচালনা করা হয়। যথাযথ বিধি অনুসরণে এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে বিডিআর অর্ডিন্যান্সের আওতায় বিডিআর কোর্টে বিদ্রোহের মামলায় জওয়ানদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার দিন পিলখানায় প্রায় পাঁচ হাজার বিডিআর সদস্য এবং চার হাজারের মতো অস্ত্র মজুদ ছিল, বিডিআর জওয়ানরা আধা ঘণ্টার মধ্যে অস্ত্রাগার লুট করে সব অস্ত্র বের করে নেন এবং সরাসরি কার্নেজে ব্যবহার করেন। এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘সেদিন যে শুধু পিলখানায় বিদ্রোহ সংঘটিত হয়েছে তা নয়, বিপথগামী বিডিআর সৈনিক কর্তৃক উসকানির মাধ্যমে সারা দেশের রাইফেল ব্যাটালিয়ন ও ট্রেনিং সেন্টারে বিদ্রোহ সংঘটিত হয়।’

ডা. ফাবলিহা বুশরা বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা বিডিআর মামলায় সম্পূর্ণ নতুন। এত বড় ঘটনার বিস্তারিত জানার জন্য তাদের পর্যাপ্ত সময় প্রয়োজন। বর্তমানে চলমান মামলা পরিচালনার জন্য সরকারের প্রয়োজনীয়সংখ্যক অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবী নিয়োগের মাধ্যমে যথাযথ আইনি লড়াই চালু রাখা এবং এর মাধ্যমে প্রকৃত দোষীদের যথাযথ শাস্তি প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বিডিআর কার্নেজে অভিযুক্ত/সাজাপ্রাপ্ত সৈনিক ও তাদের পরিবারকে গত ১৫ বছর কোনো দাবি নিয়ে মাঠে আসতে আমরা দেখিনি, কিন্তু আজ তারা সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে বিপথগামী সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে প্রতীয়মান। তাদের এ দাবির মাধ্যমে জাতির দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে প্রকৃত খুনিদের আড়ালের মাধ্যমে বর্তমানের ছাত্র-জনতার সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে সেনা অফিসার ও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস বলে প্রতীয়মান। এই খুনিদের যথাযথ বিচার না হলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে, যা মোটেও কাম্য হতে পারে না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিলখানায় শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমানসহ অন্য শহীদ পরিবার ও বেঁচে ফেরা একাধিক সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত