শ্রীলঙ্কার বৃষ্টিই ভরসা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ এএম

অস্ট্রেলিয়ার ব্যাটিং দাপটের পর গল টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে বৃষ্টি। গতকাল শুক্রবার ম্যাচের তৃতীয় দিন বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ২৭ ওভার। বারবার বৃষ্টি আসায় একপর্যায়ে আম্পায়াররা তৃতীয় দিনের খেলার ইতি টানেন, যা শ্রীলঙ্কার জন্য শাপেবর হয়ে দেখা দেয়। কারণ দিনশেষে তাদের সংগ্রহ মাত্র ৫ উইকেটে ১৩৬ রান। অজিদের চেয়ে তারা এখনো পিছিয়ে ৫১৮ রানে। সেই সঙ্গে আছে ফলোঅনের শঙ্কা। পাঁচ উইকেট হাতে রেখে ফলোঅন এড়াতে তাদের আরও ৩১৯ রান করতে হবে। এদিকে গলের উইকেটও তাদের পক্ষে যাচ্ছে না। বৃষ্টি যদি আর নাও নামে, তবুও শেষ দুই দিনে গলের উইকেট হয়ে উঠবে ব্যাটারদের জন্য আতঙ্কের।

৩ উইকেটে ৪৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। আগের দিন টপ অর্ডারের ব্যর্থতায় ১০ ওভারের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়েছিল। গতকালও ২৭ ওভার ব্যাট করে দুই উইকেটের বিনিময়ে স্বাগতিকরা তুলতে পারে মাত্র ৯২ রান। দুই অপরাজিত ব্যাটার কামিন্দু মেন্ডিস ও দিনেশ চান্ডিমাল দেখেশুনেই শুরু করেছিলেন। কিন্তু ১৩ রান নিয়ে দিন শুরু করা বাঁহাতি ব্যাটার কামিন্দু আর দুই রান করেই মিচেল স্টার্কের শিকার হন। অন্যদিকে দিনেশ চান্ডিমাল ৯১ বলে ক্যারিয়ারের ৩১তম ফিফটি পূরণ করে ৬৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী কুশল মেন্ডিস অপরাজিত ১০ রানে।

এর আগে বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমানের বলে ক্যাচ দিয়ে মাত্র ২২ রানে আউট হন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। আউট হওয়ার আগে চান্ডিমালের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ৪০ রানের জুটি। মধ্যাহ্ন বিরতির কয়েক ওভার আগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। মাঝে একবার খেলা শুরুর সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুই ঘণ্টার বেশি আগে দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক আর ম্যাথু কুনেমান। আবহাওয়ার পূর্বাভাস অবশ্য শ্রীলঙ্কার পক্ষেই যাচ্ছে। ম্যাচটি ড্র করার সমূহ সুযোগ আছে তাদের সামনে। কারণ, আজ শনিবার চতুর্থ দিনেও গলে বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে সম্ভাবনা আছে পঞ্চম দিন খেলা হওয়ারও। তাই অস্ট্রেলিয়ার সুযোগও একেবারে শেষ হয়ে যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত