৫ আগস্টের ঐক্য ম্লান হতে দেওয়া যাবে না: উপদেষ্টা আদিলুর

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার যে ঐক্য তৈরি হয়েছিল তা কোনো অবস্থাতেই ম্লান হতে দেওয়া যাবে না।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে ২৬ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘যেকোনো দুর্বলতার সুযোগে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। আগ্রাসন কিংবা বিভিন্ন ধরণের আক্রমণ থেকে আমরা মুক্ত নই। অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রছাত্রীদের জুলাই অভ্যুত্থানে নিহত, আহত এবং সংগ্রামের মূল প্রেক্ষাপট সম্পর্কে লিখিতভাবে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’ 

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘জুলাইয়ের ৩৬ দিনে ছাত্রজনতা রক্ত দিয়ে দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ বদলে দিয়েছে। গণমানুষের অধিকার ও অন্যায় অবিচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম সে নেরেটিভের উপর দাঁড়িয়ে আজকের বইমেলা। গণমানুষের ও ছাত্রসমাজের ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এ বইমেলা জুলাইয়ের ৩৬ দিনে ছাত্রজনতা যে আত্মত্যাগ তা প্রজন্মের মাঝে ছড়িয়ে দিবে- এ প্রত্যাশা রাখি।’

সিটি মেয়র ডা.শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চসিক নির্বাহী কর্মকর্তা ও একুশে বইমেলার আহ্বায়ক শেখ মো. তৌহিদুল ইসলামসহ প্রমূখ বক্তৃতা করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত এ মেলা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। 

বইমেলা উপলক্ষ্যে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, যুব উৎসব, শিশু উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, ছড়া উৎসব, কবিতা উৎসব, মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির আলোচনা, লোক উৎসব, তারুণ্য ও ছাত্র সমন্বয় উৎসব, নারী উৎসব, বসন্ত উৎসব, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, পেশাজীবি সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, চাটগাঁ উৎসবসহ নানা আয়োজন রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত