রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসির) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। আদালতের আদেশে নিবন্ধন দেওয়া হয়েছে দলটিকে। দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে ‘ফুলকপি’। গতকাল রবিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ১২ ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’। নিবন্ধন নম্বর ৫৪।
পরে ১২ ডিসেম্বর রায় ঘোষণার পর দলটির চেয়ারম্যান সাংবাদিকদের বলেছিলেন, ‘২০২৩ সালের ২৫ মে আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করি। আমাদের রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ২০২৩ সালের ২৩ জুন রুল জারি করে হাইকোর্ট।’
