দিনাজপুরের বিরামপুর স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পাথর বোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিরামপুরের ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে গেটম্যান আ. রহমান রেলক্রসিংয়ে ওই সময় রেলগেট বন্ধ না করায় ঘন কুয়াশার কারণে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রাকের চালক পঞ্চগড় সদর উপজেলার মাহাবুব হোসেন (৩০) ও হেলপার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের আরিফ হোসেন (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।
পুলিশ জানায়, বিরামপুর থেকে আসা একটি পাথরবোঝাই একটি ট্রাক রাতে বিরামপুরের ঘোড়াঘাট রেলগুমটি নামক রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় বিরামপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালক মাহাবুবকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান আ. রহমান রেলগেট না লাগানোয় ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করেছেন।
তিনি বলেন, একজনের লাশ পেয়েছি এবং আরেকজন দিমেক হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। দায়িত্বে অবহেলার কারণে গেটম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার কারণে রাতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভোর থেকে স্বাভাবিক চলাচল করছে। তবে রাস্তায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি পড়ে থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে দিনাজপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সড়ক পরিবহন শ্রমিকদের সহযোগিতায় দ্রুত সময়ে পাথরসহ ট্রাকটি রাস্তা থেকে সরানোয় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, লাশ ফেলা হয় হাতিরঝিলে
চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে মিলল ইমামের স্ত্রীর লাশ
চালকের চোখে ঘুম, কক্সবাজারে যাওয়ার পথে মাইক্রোবাসের ২ যাত্রী নিহত