যৌথবাহিনীর হেফাজতে নিহত তৌহিদুলের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম

কুমিল্লায় যৌথবাহিনী পরিচয়ে তুলে নিয়ে হেফাজতে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামে পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৩ ফেব্রুয়ারি) নিহত তৌহিদুলের নিজ বাড়ি আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউপির ইটাল্লা গ্রামে আয়োজিত স্মরণসভায় বক্তব্যে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

স্মরণসভায় সালাউদ্দিন টুকু তার বক্তব্যে বলেন, আল্লাহ যেন তৌহিদকে সর্বোচ্চ জায়গায় স্থান দেন আমরা সেই দোয়া করব। ৫ তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানের ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও, তারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় রয়ে গেছে।

এ ধরনের হত্যাকাণ্ড কেউ মেনে নিতে পারবে না। তৌহিদুল ইসলামকে পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড স্বৈরাচারের প্রেতাত্মাদের কাজ। তাদের সর্বোচ্চ বিচার হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কেন্দ্রীয় বিএনপির এ নেতা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন— এ ঘটনার সর্বোচ্চ বিচার না হওয়া পর্যন্ত আমরা তদারকি করব। এছাড়াও উনি বিএনপির আদর্শিক পরিবারের সন্তান হিসেবে এ পরিবারের সব দায়-দায়িত্ব বহন করবে। এটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের ভাইয়ের বিচার কীভাবে আদায় করতে হয় সেটার ব্যবস্থাও আমরা করব। 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ আরও অনেকে। এর আগে নিহত তৌহিদুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত