রিজভী বললেন

বিক্ষোভ দমনে গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করতে হবে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কোনো বিক্ষোভ, আন্দোলন বা যেকোনো রাজনৈতিক কর্মসূচি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করতে হবে। গুলি করে হত্যার যে দৃষ্টান্তশেখ হাসিনার পুলিশ বাহিনী রেখেছে তা চির দিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এখন থেকে কোনো বর্বর শাসকের কোনো বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না।’

গতকাল সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে মুন্সীগঞ্জের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশে উত্তরণ ঘটাতে হবে, এমন সংস্কার করতে হবে, যাতে কোনো সরকারই যেন রক্ত চক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। আমাদের স্বাধীন চিন্তা, স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে। আমরা সেই পরিবেশ চাই।’

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ‘বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন’ অভিযোগ করে রিজভী বলেন, ‘আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় পেয়ে বাংলাদেশের ভেতর নানা ধরনের উসকানিমূলক কাজ ও চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা অনলাইনে হরতাল-অবরোধ করছেন। জনগণের মধ্যে তারা যেতে পারছেন না। কোথায় ওনার রক্ষাবাহিনী, কোথায় তার যুবলীগ-ছাত্রলীগ, কোথায় তার র‌্যাব-পুলিশ, যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছেন, লাশ করেছেন মাসুম বাচ্চাদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত