ম্যাক্স চেয়ারম্যান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৭ কোটি ৭৬ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট না ছাপিয়ে ৭৪ লাখ ৩৬ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক উপসচিব সৈয়দ মুজিবুল হকসহ ৩ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলমগীরের নামে ৮১ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ৯৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৫৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৬৭ টাকা মূল্যের সম্পদ অর্জনের গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়। অবশিষ্ট ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকার সম্পদ অর্জনের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। দুদকের অনুসন্ধানে এ পরিমাণ সম্পদ অবৈধ উপায়ে অর্জন করে নিজ ভোগদখলে রাখার অভিযোগে মামলাটি করার অনুমোদন দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত