বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার দিনব্যাপী আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির অনন্য উদাহরণ স্থাপন করেছে। ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, নার্স, কর্মচারী, রোগী এবং শুভাকাঙ্ক্ষীরা একত্রিত হন।
সকালে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনটির সূচনা হয়। র্যালিটি হাসপাতালের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল পর্যন্ত গিয়ে পুনরায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে ফিরে আসে। এরপর ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চত্বরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়। অনুষ্ঠানে ক্যান্সার চিকিৎসায় ল্যাবএইডের ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের এই উদযাপন ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে’-এর অফিশিয়াল ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাওয়ায় এবারের উদ্যাপনে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের সাথে একাত্মতা প্রকাশ করেছে ওয়েবসাইটটি।
গত দুই বছরে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ফেব্রুয়ারি ২০২৩ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত এখানে ১,৬৭৯টি অপারেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে স্তন ক্যান্সারের অপারেশন ছিল ২৫%, গাইনোকোলজিক্যাল ক্যান্সারের জন্য ২৩%, হেড অ্যান্ড নেক সার্জারির জন্য ১৪%, এবং ল্যাপারোস্কোপিক অপারেশনের জন্য ১১%।
২০২১ সালের মার্চ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত হাসপাতালের আউটডোর বিভাগে মোট ১,৩৭,৪৬৯ জন রোগী সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে ৭৭,১২১ জন রোগী অনকোলজি বিভাগের অধীনে চিকিৎসা নিয়েছেন, যা মোট রোগীর ৫৬%।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা ল্যাবএইডে সেবা গ্রহণ করেছেন। ঢাকা বিভাগ থেকে সর্বাধিক ৪৩,৫৬১ জন রোগী এখানে চিকিৎসা নিয়েছেন, যা মোট রোগীর ৫২%। চট্টগ্রাম বিভাগ থেকে সেবা নিয়েছেন ১০,৪১৪ জন রোগী। খুলনা বিভাগ থেকে ২,৯৭৮ জন রোগী, রাজশাহী বিভাগ থেকে ২,৮৩৮ জন, বরিশাল বিভাগ থেকে ২,৭০১ জন এবং সিলেট বিভাগের ২,০৪৬ জন রোগী ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সেবা গ্রহণ করেছেন।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আমরা ক্যান্সার সচেতনতার বার্তা আরও জোরালো করতে চাই। প্রাথমিক সনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ সম্ভব। আমাদের লক্ষ্য রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা এবং তাদের পাশে থাকা।’
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ক্যান্সার চিকিৎসার অগ্রগতি এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব ক্যান্সার দিবস তাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন।
‘প্রতিরোধ করুন, সনাক্ত করুন, এবং ক্যান্সার মোকাবেলায় এগিয়ে আসুন।’
