সেনাপ্রধান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের চিফ অব স্টাফের সাক্ষাৎ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মামাদু জেফিরিন। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের সেনা সদরে সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান সাক্ষাৎ করার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফকে ধন্যবাদ জানান।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

আইএসপিআর জানিয়েছে, গত মঙ্গলবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত