কুয়াকাটায় বাড়ির সামনে সাংবাদিককে কুপিয়ে জখম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ এএম

পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশনসংলগ্ন নিজ বাড়ির সামনে হামলার শিকার হন জহিরুল ইসলাম।

পরে আহত জহিরুলকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই জহিরুলকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জহিরুল ইসলাম বর্তমানে কুয়াকাটা পৌর যুবদলের সদস্য সচিব। এ ছাড়া তিনি কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত সাড়ে ১২টার দিকে গাড়ি থেকে বাসার সামনে নামলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘ইতিমধ্যে ফিলিং স্টেশন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান আছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে না পারলেও আশা করি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, ‘মিরনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। তার দুই হাত, মাথায় এবং দাড়ির নিচে জখম রয়েছে। এ ছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত