পাকিস্তান থেকে চিটাগুড় নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ এএম

দেশের দ্বিতীয় বৃহত্তম বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে প্রথমবারের মতো পাকিস্তান থেকে আমদানি করা পণ্য নিয়ে নোঙর করল জাহাজ। সাড়ে পাঁচ হাজার টন চিটাগুড় নিয়ে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি ডলফিন-১৯ গতকাল বৃহস্পতিবার সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়লে বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল দিয়ে সেটিকে স্বাগত জানায় বন্দর কর্র্তৃপক্ষ।

বন্দর সূত্র জানিয়েছে, গত ২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে রওনা করে।

জাহাজটি জেটিতে ভেড়ার সময় মোংলা বন্দর কর্র্তৃপক্ষের হারবার মাস্টার কমোডর শফিকুল ইসলাম, আমদানিকারক আমদানিকারক প্রতিষ্ঠান পি অ্যান্ড পি ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আনোয়ারুল হক, জাহাজের ক্যাপ্টেন এনগুয়িন ট্রং পুং ও বন্দরের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

কমোডর শফিকুল ইসলাম বলেন, আজ মোংলা বন্দরের জন্য একটি বিশেষ দিন, আমার জন্যও বিশেষ দিন। পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করা হলো। আগে ভারত থেকে চিটাগুড় আমদানি করা হচ্ছি। কিন্তু হঠাৎ করে ভারত ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে। যার কারণে আমাদের খরচ বেড়ে গেছে। তাই পাকিস্তান থেকে অনেক কম দামে ও কম খরচে চিটাগুড় আমদানি করা শুরু হলো। এই আমদানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমদানিকারকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা।

পিঅ্যান্ডপি ট্রেডিং সূত্রে জানা গেছে, জাহাজের চিটাগুড় খালাস করে মোংলা ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে। এরপর রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে সরবরাহ করা হবে। সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানি যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত