ইউক্রেন যুদ্ধের অবসানে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় নিয়ে আলোচনা করার জন্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইবিআরডি)-এর প্রেসিডেন্ট ওডিল রেনাউড-বাসোর সঙ্গে বৈঠকের পর কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। এর আগে, যুক্তরাজ্যের পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিনের সঙ্গে শান্তি সংলাপে বসতে প্রস্তুত থাকার কথা জানিয়েছিলেন জেলেনস্কি।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, এই যুদ্ধ কীভাবে আমাদের জন্য শেষ হবে সে বিষয়ে একমত হতে পারলে আমি তার সঙ্গে দেখা করতে প্রস্তুত। আমরা কূটনীতির জন্য প্রস্তুত, এখানে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটি হলো- আমার কাছে মনে হচ্ছে পুতিন মূলত যুদ্ধের অবসানের কথা বলতে ভয় পাচ্ছেন। এ সময় ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে মিডিয়া রিপোর্টের বিষয়ে জেলেনস্কি বলেন, আমি নিশ্চিত দুই পক্ষ একসঙ্গে কাজ করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, শান্তি পরিকল্পনাসহ ওয়াশিংটনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের দিকে নজর রাখছে কিয়েভ। এ ছাড়া রেনাউড-বাসোর সঙ্গে বৈঠকের বিষয়ে জেলেনস্কি বলেন, তারা ইউক্রেনে ইইউয়ের আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ইবিআরডি প্রেসিডেন্ট বলেছেন, তার নেতৃত্বাধীন ব্যাংক ২০২২ সাল থেকে ইউক্রেনকে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আর্থিক সহায়তা প্রদান করেছে এবং জ্বালানি ও বেসরকারি খাতে বিনিয়োগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।
