নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে আটক করে মারধর করেছে একদল ছাত্র-জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে। বর্তমানে মাহমুদুর রহমান মাসুম কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, মাহমুদুর রহমান মাসুম বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। কোতোয়ালি মডেল থানার ওসি মাইনুল ইসলাম বলেন, তাকে আটক দেখানো হয়েছে।
