বঞ্চিত ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

ঐক্য ফোরামের কৃতজ্ঞতা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম

আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা দেড় হাজার কর্মকর্তার (অবসরপ্রাপ্ত) মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব, গ্রেড-১ ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল রবিবার এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে বঞ্চনা নিরসন কমিটি গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন দেয়। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চলতি অর্থবছরে তাদের পাওনার অর্ধেক পরিশোধ করা হবে। তারা বাকি টাকা পাবেন আগামী বছর। সচিব পদে ১১৯, গ্রেড-১ পদে ৪১, অতিরিক্ত সচিব পদে ৫২৮, যুগ্ম-সচিব পদে ৭২ ও উপ-সচিব পদে চারজনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

এর আগে এ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার সুপারিশ করে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। বর্তমান অর্থবছরে তাদের বকেয়া পাওনার ৫০ শতাংশ দেওয়া হবে। অবশিষ্ট ৫০ শতাংশ দেওয়া হবে পরবর্তী অর্থ বছরে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ বা ৫৯ বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে বিবেচিত হবেন। অবসরোত্তর ছুটি বা অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি থেকে অবসরে গেছেন মর্মে বিবেচিত হবেন।

কর্মকর্তারা বিধি-মোতাবেক তাদের প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও পেনশন সমন্বয়পূর্বক আর্থিক সুবিধা পাবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারদের ইতিপূর্বে জারিকৃত পিআরএল বা এলপিআর আদেশ বাতিল করা হয়েছে। বেতন নির্ধারণের সময় অবসরোত্তর ছুটি বা অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করা হবে।

ঐক্য ফোরামের কৃতজ্ঞতা : বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিহিংসার শিকার হয়ে পদবঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। এজন্য সব বঞ্চিত কর্মকর্তার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, ড. জাকির আহমেদ খানের নেতৃত্বে রিভিউ কমিটির সব সদস্য এবং সংশ্লিষ্ট সচিবদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। গতকাল রবিবার ফোরামের প্রধান সমন্বয়ক এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বিগত ১৬ বছর সীমাহীন হয়রানি ও বঞ্চনার শিকার এসব কর্মকর্তা বর্তমান সরকার কর্র্তৃক ন্যায়বিচার প্রাপ্তিতে দারুণভাবে উজ্জীবিত। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাকে দীর্ঘদিন দেশ ও জাতির সেবা প্রদান থেকে বিরত রাখা হয়েছে; যাদের অধিকাংশই এখনো সম্পূর্ণ সুস্থ এবং চাকরি জীবনে দক্ষ, সৎ ও পেশাদার হিসেবে যথেষ্ট সুনামের অধিকারী। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং আন্তরিকভাবে সাফল্য কামনা করি।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত