সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন। আবেদনে বলা হয়, আব্দুর রাজ্জাক এবং তার অন্যান্য আত্মীয়স্বজনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগের চেষ্টা করছেন।
গত বছর ১৪ অক্টোবর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ছাড়া পারভেজ তমালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে একই আদালত। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান এ আবেদন করেন। আবেদনে বলা হয়, এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান থেকে পারভেজ তমাল অন্যদের সঙ্গে যোগসাজশে শেয়ারবাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন ও মানি লন্ডারিং করেছেন।
