শিশুদের সঙ্গে নিয়ে হজে যেতে সৌদি আরবের নিষেধাজ্ঞা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ এএম

শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। রবিবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজের সময় তৈরি হওয়া ভিড় থেকে শিশুদের নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, প্রতি বছর হজের সময় প্রচ- ভিড় তৈরি হয়। তাই শিশুদের নিরাপত্তা ও সার্বিক মঙ্গলের কথা বিবেচনায় হজে তাদের সঙ্গী হিসেবে আনা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে বরাবরের মতোই যারা আগে হজ করেননি এবারও তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

হজ করার জন্য শিশুদের ন্যূনতম বয়স হতে হয় ১২ বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি আরব সরকার। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের হজ মৌসুমের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে সৌদি নাগরিক এবং বাসিন্দাদের জন্য অ্যাপ এবং অফিশিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে।

এ বছর সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য নতুন কিস্তি সুবিধার ব্যবস্থা করেছে। দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরা এবার তিন কিস্তিতে হজ প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তিতে ২০ শতাংশ অর্থ বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে শতাংশ করে অর্থ রমজান ২০ ও শাওয়াল ২০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। নুসুক প্ল্যাটফর্ম থেকে হজযাত্রীরা তাদের পছন্দের প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট রিচার্জ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত