ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫ এএম

নাটোরের বড়াইগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাস কাউন্টার ও তিনটি ফলের দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যায় বনপাড়া বাইপাস ও নতুন বাজার এলাকায় এসব সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে হারোয়া গ্রামের জামাল উদ্দিন আলী, সুমন, এছার উদ্দিন, মাসুদ এবং কালিকাপুর এলাকার মজু প্রামাণিক, রাজু আহমেদ, শাকিল আহমেদ, ফারুক হোসেন, সাব্বির হোসেন, জাকির হোসেন ও পরান উদ্দিনসহ ১৫ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে কালিকাপুর ক্লাবের উদ্যোগে আন্তঃপৌর ফুটবল টুর্নামেন্টে কালিকাপুর ফুটবল একাদশ ও হারোয়া ফুটবল একাদশের মধ্যে খেলা ছিল। কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় ১-০ গোলে হারোয়া একাদশ জয়ী হয়। খেলা শেষে সন্ধ্যায় তারা বিজয় মিছিল নিয়ে বনপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা কালিকাপুর নতুন বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

হারোয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বাইপাস এলাকায় চা-স্টল ও বাস কাউন্টার থেকে মিছিল উদ্দেশ্য করে কটূক্তি ও আপত্তিজনক কথা বলায় সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

খবর পেয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ও থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বড়াইগ্রাম থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত