ফেনী আলিয়া কামিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে চাঁদা দাবির অভিযোগ ওঠায় জেলা জামায়াতে ইসলামির রুকন (সদস্য) ও শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, গত রবিবার অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছ থেকে চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে।
ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা যায়, জাকির হোসেনকে মাহমুদুল হাসান কত টাকা দেবেন বলে জিজ্ঞেস করছেন। জবাবে অভিযুক্ত জাকির বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং সমীর নামে একজনের বিষয় আছে উল্লেখ করেন। এ সময় মাহমুদুল হাসান মামলার খরচ আগে দুই লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন এবং আরও লাগবে কি না জিজ্ঞেস করেন। এ ছাড়া এর আগে ওসি কে দেওয়া জন্য এক লাখ দিয়েছেন কি না জিজ্ঞেস করেন। উত্তরে জাকির হোসেন বিবেচনা করে টাকা দেওয়ার কথা বলেন এবং মামলা ডিসক্লোজ করে দেওয়ার আশ্বাস দেন।
কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে জামায়াতে ইসলামীর রুকন জাকির হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে মুখ খুলছেন অনেকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ফেনী শহর শ্রমিক ফেডারেশনের সহসভাপতির পদ ব্যবহার করে শহরের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
