সাত বছর পর ফিরছে তৃতীয় বিভাগের যোগ্যতা লিগ, এন্ট্রি ফি কমিয়ে ১ লাখ

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৪:০৯ পিএম

সাত বছর পর ফের মাঠে গড়াতে যাচ্ছে ঢাকার তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল এই লিগ। দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতাটি ফিরছে নতুন শর্তে। অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা, যা ২০১৭ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তখন ফি ছিল ৫ লাখ টাকা, যা অনেক ক্লাবের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

তৃতীয় বিভাগের যোগ্যতা লিগের আয়োজক বিসিবির অধীনস্থ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তারা এবার অন্তত ৪৮টি দলকে প্রতিযোগিতায় রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।

সিসিডিএমের এক কর্মকর্তা বলেছেন, '২০১৭ সালে ৫ লাখ টাকার এন্ট্রি ফি অনেক ক্লাবের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা ২০১৩ সালের মতো ফি ১ লাখ টাকায় নামিয়ে এনেছি। এতে বেশি ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।'

তিনি আরও বলেন, 'আমাদের প্রাথমিক লক্ষ্য ৪৮টি দল রাখা। তবে আগ্রহ বেশি থাকলে সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। সব দলকেই ঢাকাভিত্তিক হতে হবে এবং কোনো ক্রিকেট একাডেমির নামে আবেদন গ্রহণ করা হবে না। শিগগিরই পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ও অন্যান্য আনুষ্ঠানিক ঘোষণা জানিয়ে দেওয়া হবে।'

সিসিডিএম জানিয়েছে, চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগ শেষ হওয়ার পরই শুরু হবে তৃতীয় বিভাগের যোগ্যতা লিগ। এর মাধ্যমে ঢাকার ক্লাব ক্রিকেটে নতুন দল যুক্ত হওয়ার পথ খুলে যাবে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ক্লাবগুলোর জন্য এটি একটি বড় সুযোগ, বিশেষ করে যাদের অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে আগের প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব হয়নি।

সাত বছর পর নতুন উদ্দীপনায় শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতা ঢাকার ক্রিকেট কাঠামোকে আরও বিস্তৃত করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত