গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাষ্ট্রের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আনসাররা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ন্যায়ভিত্তিক, সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য। আর রাষ্ট্রের এ নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আনসার বাহিনীর সদস্যরা। দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এ বাহিনী নিরাপদ সমাজ কাঠামো গঠন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সুদূরপ্রসারী অবদান রাখছেন।

গতকাল বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এ সময় আরও উপস্থিত ছিলেন-অন্যান্য উপদেষ্ঠা ম-লি, প্রেস সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ আমন্ত্রিত সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এ বাহিনীর বিভিন্ন পদবির কর্মকর্তা কর্মচারী সদস্যরা।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভূমিদস্যু প্রতিরোধ, ভেজাল বিরোধী অভিযান ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে এ বাহিনীর সদস্যরা। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে দেশের কূটনৈতিক মিসনসমূহে নিরাপত্তা প্রদানে এ বাহিনীর ভূমিকা দৃশ্যমান। এই বাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)-এর সদস্যরা কেপিআইসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানে ভূমিকা রাখছেন। তা ছাড়া দেশের অভ্যন্তরে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সব দুর্যোগে আনসার-ভিডিপি সদস্য-সদস্যরা মানবতার সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, দেশ সেবার ব্রত নিয়ে গড়ে ওঠা এ বাহিনীর সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অবদান অনস্বীকার্য। এ বাহিনীর ৩৯টি পুরুষ আনসার ব্যাটালিয়ন, দুইটি মহিলা আনসার ব্যাটালিয়ন, একটি বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)সহ মোট ৪২টি আনসার ব্যাটালিয়ন রয়েছে। তার মধ্যে ১৬টি আনসার ব্যাটালিয়নের সদস্যরা দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা রক্ষায় অপারেশন উত্তরণে নির্ভরশীল সহায়ক শক্তি হিসেবে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বন্ধন দৃঢ়কল্পে শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সঙ্গে একীভূত হয়ে রাষ্ট্রের অর্পিত যেকোনো দায়িত্ব আস্থার সঙ্গে পালন করে যাচ্ছে এ বাহিনীর সদস্যরা।

এর আগে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮ জন কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য পদবির সদস্য-সদস্যাদের মধ্যে কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করেন। পরে উপদেষ্টা আনসার একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন, ফটোসেশনে অংশ নেন ও কুটিরশিল্প প্রদর্শনী ঘুরে দেখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত