সিরাজগঞ্জ পৌর শহরের মিলনমোড় ও থানারোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। অপরদিকে সংঘর্ষ থামাতে গিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আহত হয়েছেন। এ ছাড়া এ সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত ১২ ফেব্রুয়ারি বিকেলে থানা রোড এলাকার একটি বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে থানা রোড ও মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই মহল্লার মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রনেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে একটি ইটের বড় টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহানসহ অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দুই মহল্লার মানুষের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রাখতে সংঘর্ষ থামাতে গেলে বুকের ডানপাশে ইটের আঘাত লেগেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মেডিনোভা হাসপাতালের পরিচালক ডা. আব্দুস সামাদ খোকন জানান, তিনি বুকের ডানপাশে আঘাত পেয়েছেন। এক্সরে করা হয়েছে। রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। আপাতত প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সদর থানার ওসি হুমাইয়ুন কবির জানান, র্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সফরে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার
আসামির বাড়ির পুকুরে নিখোঁজ স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ