দেশে প্রতি বছর ৯-১২ হাজার শিশু-কিশোর ক্যানসারে আক্রান্ত হচ্ছে। অথচ এখনো বেশিরভাগ পরিবার শেষপর্যায়ে চিকিৎসা নিতে আসে। তখন চিকিৎসকদের আর কিছু করার থাকে না। গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘চাইল্ডহুড ক্যানসার : এ সিচুয়েশন অ্যানালাইসিস অ্যান্ড চ্যালেঞ্জ, বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্যানসার আক্রান্ত শিশুর বাবা-মায়ের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপস্থাপিত এক প্রবন্ধে বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম বলেন, শুরুর দিকে ও নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে দেশের বিদ্যমান চিকিৎসাব্যবস্থা দিয়েই ক্যানসার রোগেীদের সুস্থ করে তোলা সম্ভব। ক্যানসার থেকে বাঁচতে দ্রুত ও সঠিক চিকিৎসা নিতে হবে।
অনুষ্ঠানে বিএসএমএমইউ থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা শতাধিক ক্যানসার বিজয়ী শিশু অংশ নেয়। বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, এই প্রতিষ্ঠানে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে যাওয়া প্রায় পাঁচ শতাধিক শিশু এখন সুস্থ জীবনযাপন করছে।
