সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ এএম

স্বজনের মৃত্যুর সংবাদ শুনে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন মেয়েসহ এক দম্পতি। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা খানম ও তার স্বামী আবদুল জব্বার। এ সময় গুরুতর আহত হন তাদের ছোট মেয়ে জুঁই আক্তার (১৪)। গতকাল সোমবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মেয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, সকালে এক নিকটাত্মীয়ের মৃত্যুর কথা শুনে ছোট বোনকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাবা-মা। এ সময় পিকআপের ধাক্কায় তারা ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর অবস্থায় ছোট বোনকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে ছোট বোন জুঁই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।

জান্নাতুল জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর থানার মোহাম্মদপুরে। ঢাকার ডেমরার কোনাপাড়া এলাকায় থাকেন। বাবা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও মা গৃহিণী ছিলেন। জুঁই যাত্রাবাড়ী ইকরা হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ছাড়া রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুজন প্রাণ হারিয়েছে। মিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ কামাল রানা (৩০) নামে এক যুবক ও মগবাজার ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) নিহত হয়েছেন।

গতকাল ভোরে মগবাজার ইনসাফ আল বারাকা হাসপাতালের সামনে ফ্লাইওভারের ওপর অজ্ঞাত যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী। আর গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনে সনি সিনেমা হলের পাশের রাস্তায় দুর্ঘটনায় আহত হন নাহিদ। স্বজনরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যান নাহিদ।

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫ : ফেনীর দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটিতে প্রায় ২০ জন নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত