বরগুনার তালতলীতে কমডেকা টাওয়ার থেকে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার পর্যন্ত সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধির উপস্থিতিতে আরসিসি ঢালাই কাজে ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। নিম্নমানের কাদা-বালু মিশ্রিত পাথর দিয়ে ঢালাই করলে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এলাকায় আরসিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করা হয়। এ সময় নিম্নমানের পাথর সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন উপজেলা প্রকৌশলী।
উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, আমতলী-তালতলী সড়ক পুনর্নির্মাণের জন্য ঠিকাদার হিসেবে নিয়োগ পায় ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে মেসার্স জেমি এন্টারপ্রাইজের মালিক নয়ন মৃধা এই সড়কের কাজের সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ পান। স্থানীয়রা জানান, শুরু থেকেই কাজের বিভিন্ন পর্যায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নসু মৃধাসহ এলাকাবাসী অনিয়মের বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি ঘটনাস্থলে আসেন। পরে নিম্নমানের কাদা-বালু মিশ্রিত পাথর দিয়ে ঢালাইয়ের প্রতিবাদ করেন স্থানীয়রা। একপর্যায়ে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী।
উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘অনিয়মের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নিম্নমানের বালু মিশ্রিত পাথর ওই ঠিকাদারকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
