ব্যাটারি রিকশাচালক এক কিমি ঝুলিয়ে নিলেন কনস্টেবলকে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ এএম

মহাসড়কে দাঁড়িয়ে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা থামাতে সিগন্যাল দেন হাইওয়ে পুলিশের কনস্টেবল। চালক অটোরিকশা থামিয়ে কৌশলে কনস্টেবলকে তাতে উঠিয়ে ঝুলিয়ে রাখেন। তাকে ঝুলন্ত অবস্থায়ই অটোরিকশাটি চালিয়ে নিয়ে যান প্রায় এক কিলোমিটার। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। তার নাম জনি আহমেদ (২৪)। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর ছেলে তিনি। আর ভুক্তভোগী ওই কনস্টেবলের নাম কমল দাস। তিনি মাওনা হাইওয়ে থানায় কর্মরত।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশার সামনের ডান পাশে বিপজ্জনকভাবে ঝুলে আছেন ওই কনস্টেবল কমল। খুব দ্রুত চলছিল অটোরিকশাটি। তিনি বারবার রিকশা থামাতে অনুরোধ করলেও চালক থামাচ্ছিলেন না। একপর্যায়ে যানজটে আটকে পড়ে অটোরিকশাটি। তখন ওই কনস্টেবল এবং স্থানীয় লোকজন অটোরিকশাটির চালককে আটক করেন।

এ ঘটনায় কনস্টেবল কমল দাস কিছুটা আহত হয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘মহাসড়কে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানোর জন্য সিগন্যাল দিয়েছিলাম। থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে চালক অটোরিকশা চালাতে শুরু করে। আমি অটোরিকশায় ওঠার চেষ্টা করি, কিন্তু চালক রিকশার গতি আরও বাড়িয়ে দেয়। চালককে থামানোর জন্য অনুরোধ করলেও সে গতি আরও বাড়িয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যায় সে।’

এ ব্যাপারে জানতে চাইলে মাওনা হাইওয়ে থানার ওসি আয়ুব আলী বলেন, ‘ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত চালককেও আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশাটিও। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত