ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে দৌড় প্রতিযোগিতা  

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ এএম

ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ৬টা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো। এরপরই ছুটে চললেন শতাধিক দৌড়বিদ।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে কলেজ মাঠ থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। পাঁচ কিলোমিটারের দৌড় শেষ হয় প্রেসিডেন্ট সড়ক হয়ে কলেজ মাঠে। ১০ কিলোমিটারের দৌড় আখাউড়া স্থলবন্দর ঘুরে কলেজ মাঠে শেষ হয়। আখাউড়া রানার্স নামে একটি সংগঠন এ আয়োজন করে। বিভিন্ন বয়সীরা এতে অংশ নেয়।

অংশগ্রহণকারীরা বলেন, জীবন মানেই দৌড়। দৌড় মানেই মাদক থেকে দূরে থাকা। দৌড় মানে মোবাইল ফোনের আসক্তি থেকে নিজেকে রক্ষা করা। ভালোভাবে বাঁচতে হলে নিয়মিত দৌড়াতে হবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারী সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ১০ কিলোমিটার প্রতিযোগিতায় রাজু মিয়া প্রথম, সালাউদ্দিন সুমন দ্বিতীয় ও মনির হোসেন তৃতীয় হন। পাঁচ কিলোমিটার দৌড়ে মিজান মিয়া প্রথম, বায়জিদ মিয়া দ্বিতীয় ও মেহেদী হাসান তৃতীয় হন।

মেয়েদের ক্যাটাগরিতে সামিয়া জুই প্রথম, রানিয়া আক্তার দ্বিতীয় এবং রোকসানা ও জান্নাতুল যৌথভাবে তৃতীয় হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত