পাতাল মেট্রোরেলের সর্বোচ্চ গতি হবে ৮০ কিমি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

এমআরটি লাইন-১ বালাদেশের প্রথম পাতাল মেট্রোরেলের পাতালে সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। আর উড়াল মেট্রো ট্রেনের সর্বোচ্চ পরিচালন গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার হবে। পাতাল মেট্রো রেলে প্রতিদিন ৮ লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (লাইন-১)-এর প্রকল্প পরিচালক মো. আবুল কাশেম ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি একমুখী মেট্রো ট্রেন প্রতিবারে ১২টি স্টেশনে থেমে ২৪ মিনিট ৩০ সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, ৯টি স্টেশনে থেমে ২০ মিনিট ৩০ সেকেন্ডে নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত এবং ১৬টি স্টেশনে থেমে ৩৫ মিনিট ৩০ সেকেন্ডে কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যাতায়াত করবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দূরত্ব ১৮ দশমিক ৯৩ কিলোমিটার। যাতায়াতে মোট সময় লাগবে ৩৩ মিনিট ৩৪ সেকেন্ড। স্টেশনে যাত্রাবিরতি সময় ৩০ সেকেন্ড থেকে ৪৫ সেকেন্ড। দুই স্টেশনের মধ্যে সর্বোচ্চ গতিসীমা থাকে প্রতি ঘণ্টায় ৯৯ কিলোমিটার। উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশনগুলোতে যাত্রাবিরতি করা না হলে পরিকল্পনা করা মেট্রোরেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঐকিক নিয়মে মেট্রোরেলের গতিবেগ হিসাব যুক্তিযুক্ত নয়।

এতে আরও বলা হয়, এমআরটি লাইন-১ এর বিমানবন্দর রুটের পাশাপাশি টানেল মাটির উপরিভাগ থেকে কম-বেশি ১০ মিটার থেকে ১৩ মিটার গভীরতায় নির্মাণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত