নড়াইল

ডিবি পরিচয়ে লুটপাট, এনএসআই কর্মকর্তা ও বিএনপি নেত্রীর ছেলে কারাগারে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম

নড়াইলের কালিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে লুটপাটের অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খড়রিয়া চরপাড়া এলাকার সমরেন্দ্রনাথের বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঝিনাইদহ সদরের কাঞ্চনপুর মধ্যপাড়ার সাইফুল আলমের ছেলে ও নড়াইলে এনএসআইয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা ইয়াছিন হোসেন (২৭), নড়াইল শহরের ভওয়াখালী মধ্যপাড়ার কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান (২২), জেলা মহিলা দলের সভানেত্রী শিরিন জামানের ছেলে দুর্গাপুর এলাকার শাহরিয়ার জামান শশী (৩৫) ও সদরের সুবুদ্দীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সোহাগ মোল্যা (৩৬)।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে এনএসআইয় কর্মকর্তা ইয়াছিন হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের পরিচয়ে কালিয়ার খড়রিয়া চরপাড়া গ্রামে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে তল্লাশি করতে যান ওই চারজন। এ সময় ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় তারা।

বিষয়টি সৌমেন্দ্রনাথের পরিবারসহ প্রতিবেশীদের সন্দেহে হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দেন ভুক্তভোগীরা। খবর পেয়ে ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের আটক করেন। এ সময় লুটকরা সোনার চেইন, কানের দুলসহ দুই ভরির বেশি স্বর্ণালঙ্কার এবং এক লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার বিকালে কালিয়া থানায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত