তিন দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য নদভী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

চট্টগ্রাম-১৪ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু  রেজা মো. নেজামুদ্দিন নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় রবিবার (২৩  ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে নদভীকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরীর নিউমার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ, এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মামলার ৯ নম্বর আসামি নদভী। ওই মামলায় তাকেসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে আদালত নদভীসহ এজাহারভুক্ত তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দু’জন হলেন- শামসুল আলম ভূঁইয়া ও  সেলিম রহমান। এছাড়া তদন্তে পাওয়া আসামি হিসেবে চারজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তারা হলেন- মনজুর আলম, নাজিম উদ্দিন, জানে আলম ও টিপু নন্দী। প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনেরপর গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত