স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে দলের দাস না হয়ে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। কোনো কায়েমি স্বার্থ পুলিশকে যেন তাদের দলদাসে পরিণত করতে না পারে, এজন্য সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রবিবার রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের জন্য বলেন। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশনা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
