যমুনা ব্যাংকের যশোর শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কুমার দাশের বিরুদ্ধে ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাৎ ও হন্ডির মাধ্যমে ভারতে অর্থ পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এ অভিযোগ অনুসন্ধান করছেন।
দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়, যমুনা ব্যাংকের যশোর শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে প্রধান কার্যালয়ের-এইচআর শাখা) প্রশান্ত কুমার দাশের ব্যাংকের চাকরি ছাড়া আর কোনো আয়ের উৎস নেই। কিন্তু তার ব্যাংক হিসাবে ১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পায় কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া ব্যাংকার প্রশান্তের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের ১০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ভারতে পাচারের অভিযোগ আছে। এরপরই এ বিষয় অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে পাঠানো হয়। কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান সিদ্ধান্ত নেয়। পরে সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল মালেককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
