বাড়তি কনটেইনার নিয়ে শঙ্কা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ এএম

চট্টগ্রাম বন্দর ইয়ার্ডের ধারণক্ষমতা ৫৩ হাজার ৫১৮ কনটেইনার। স্বাভাবিক অবস্থায় বন্দরে ৩০ থেকে ৩১ হাজার কনটেইনার থাকার কথা থাকলেও বর্তমানে ৪০ হাজার ৮৯ কনটেইনার নিয়ে সৃষ্টি হয়েছে বড় জট। রমজান উপলক্ষে আনা আমদানি পণ্য ডেলিভারি না নিয়ে বন্দরের অভ্যন্তরে কনটেইনারের মধ্যে রেখে কি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা নাকি ভিন্ন কিছু? এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ নিয়েছে পাল্টা ব্যবস্থা।

এর আগে একবার আমদানি করা ভোগ্যপণ্য লাইটার জাহাজে (বড় জাহাজ থেকে পণ্য নিয়ে রাখা ছোট জাহাজ) করে নদীতে ও সাগরে ভাসিয়ে রাখার অভিযোগ এসেছিল ব্যবসায়ীদের বিরুদ্ধে। তা নিয়ন্ত্রণে আনতে নৌ-অধিদপপ্তর থেকে উদ্যোগও নিতে হয়েছিল। এদিকে ইয়ার্ডে থাকা কনটেইনার আগামী ৯ মার্চের মধ্যে খালাস না হলে পরবর্তী দিন থেকে চারগুণ ভাড়া যুক্ত হবে এবং নতুন আমদানি করা কনটেইনারের ক্ষেত্রে পঞ্চম দিন থেকে চারগুণ হারে মাশুল আদায় করবে বলে বন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আসন্ন রমজানে নিত্যপণ্য দেশব্যাপী সুষ্ঠুভাবে পরিবহন অর্থাৎ সাপ্লাই চেইন অবিঘ্নিত রাখতে মিডিয়ার সঙ্গে মতবিনিময় সভা ডেকেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবার এ সভা হবে।

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কী পরিমাণ কনটেইনার মজুদ রয়েছে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘বন্দরের অভ্যন্তরে গতকাল পর্যন্ত ৪০ হাজার একক কনটেইনার রয়েছে। কনটেইনারগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবসায়ীদের আগামী ৯ মার্চ পর্যন্ত সময় দিয়েছি। এ সময়ের পর কেউ না নিলে চারগুণ হারে মাশুল দিতে হবে।’

ব্যবসায়ীরা কেন পণ্য ডেলিভারি নিচ্ছেন না? এমন প্রশ্নের জবাবে ওমর ফারুক বলেন, ‘আমরা অনেক সময় দেখি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে অনেক ব্যবসায়ী বন্দরের অভ্যন্তরে কনটেইনারের মধ্যে পণ্য রেখে দেয়। এ সুযোগ যাতে কেউ নিতে না পারে, সেজন্য আমরা মাশুল আরোপের নোটিস দিয়েছি।’

আমদানি করা নিত্যপণ্য ডেলিভারি না নেওয়া প্রসঙ্গে কথা হয় চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ জাহেদীর সঙ্গে। তিনি বলেন, ‘বন্দরের সীমাবদ্ধতার কারণে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি রমজান শুরুর আগেই পণ্যগুলো নিয়ে আসব।’

এ বিষয়ে কথা হয় বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজনের সঙ্গে। আমদানি করা পণ্য ডেলিভারি দীর্ঘসূত্রতার পেছনে কাভার্ড ভ্যান ভাড়া বেড়ে যাওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি। খায়রুল আলম সুজন বলেন, ‘চট্টগ্রাম থেকে এক কাভার্ড ভ্যানের সাধারণত ভাড়া ১৭ থেকে ১৯ হাজার টাকা। কিন্তু এখন নেওয়া হচ্ছে ৩৩ হাজার টাকার ওপর। আর এতে ব্যবসায়ীরা একটু বিলম্বে পণ্য ডেলিভারি নিতে চাইছে।’

চট্টগ্রাম বন্দরে হিমায়িত ফ্রুটসও অনেক জমা রয়েছে যেগুলো ডেলিভারি নিচ্ছে না ব্যবসায়ীরা। এ বিষয়ে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ফ্রেশ ফ্রুটসের ক্ষেত্রে সরকার তিনটি খাতে ১৫ শতাংশ শুল্ক মওকুফ করতে যাচ্ছে। এতে আমদানি করা ফলের কেজিতে প্রায় ২৫ টাকা করে কমে আসবে। এ সিদ্ধান্তটি পরিপত্র আকারে ঘোষণা আসার পরপরই ফ্রেশ ফ্রুটসগুলো ডেলিভারি নেবে ব্যবসায়ীরা। এজন্য অনেক কনটেইনার চট্টগ্রাম বন্দরে জমা রয়েছে।’

কিন্তু বিলম্বে ডেলিভারি নিলে তো স্টোররেন্ট বাড়বে। জানা যায়, একটি ২০ ফুটের একক কনটেইনার নির্ধারিত চার দিনের ফ্রি টাইমের পর প্রথম সাত দিনের জন্য মাশুল আসবে ৬ ডলার এবং ৪০ ফুটের কনটেইনারের ক্ষেত্রে ১২ ডলার। পরবর্তীকালে সাত দিনে ২০ ফুটের জন্য আসবে ১২ ডলার ও ৪০ ফুটের ক্ষেত্রে ২৪ ডলার। তৃতীয় সাত দিন থেকে ২০ ফুটের জন্য ২৪ ডলার এবং ৪০ ফুটের জন্য ৪৮ ডলার করে মাশুল গুনতে হয়। এখন বন্দরের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত এসব মাশুলের সঙ্গে চারগুণ হারে ফি আসবে।

অন্যদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা সবচেয়ে বেশি পণ্য আসে পোশাকশিল্প মালিকদের। এ বিষয়ে কথা হয় বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও মেট্রোপলিটন চেম্বারের কার্যকরী সভাপতি মাহবুব চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘পোশাকশিল্পে এলসিবিহীন পণ্য আমদানির সুযোগ দেওয়া হয়েছিল করোনাকালে। পরে গত বছর এ সুযোগ দ্বিগুণ দেওয়া হয়। এতে অনেক বেশি পণ্য আমদানি হয় কিন্তু ফ্রি এলসি সুবিধায় আনা পণ্যগুলো ছাড়করণে কাস্টমস দীর্ঘসূত্রতা করে। এ ছাড়া সারা দেশে প্রায় ২০০ কারখানা বন্ধ রয়েছে। এ বন্ধ কারখানাগুলোর আমদানিপণ্য বন্দরে এসে পড়ে রয়েছে ডেলিভারি হচ্ছে না। মূলত এ দুই কারণে কনটেইনার ডেলিভারি কম হতে পারে।

চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯৩ শতাংশ পরিবাহিত হয়। সম্প্রতি ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে রেলপথেও পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এতে বন্দরের ভেতরে, রেলে এবং বিভিন্ন অফডকে পণ্য আটকে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত