১২ দিন বন্ধ থাকার পর পুনরায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতবিার রাত ১১টা থেকে এই ইউনিটে উৎপাদিত ১৮০ থেকে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে প্রতিদিন ২ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন পড়বে বলে জানান তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। সেই সঙ্গে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটেও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে জানান তিনি।
একই সঙ্গে দুটি ইউনিট চালু হওয়ায় এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে পানির বয়লার পাইপে ফাটল ও বিয়ারিং ভেঙে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার বয়লারের টিউব ফেটে গেলে ১ নম্বর ইউনিটটিও উৎপাদন ক্ষমতা হারায়। এ ছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটে ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারকাজ চলায় উৎপাদন বন্ধ রয়েছে। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম। চার দিন বন্ধ থাকার পর ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়।
