ট্রাম্পের গণছাঁটাই কর্মসূচিতে আদালতের হস্তক্ষেপ

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:২৬ এএম

ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রের সরকারি কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের আভাস দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে ফেডারেল কর্মীদের গণহারে ছাঁটাই, বাধ্যতামূলক অবসরসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নতুন ট্রাম্প প্রশাসন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বেশ কিছু ফেডারেল সংস্থায় নবনিযুক্ত কর্মীদের ব্যাপক হারে ছাঁটাইয়ে দেওয়া ট্রাম্পের প্রশাসন নির্দেশে হস্তক্ষেপ করেছে আদালত। তবে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফেডারেল জজ উইলিয়াম আলসাপ এ পদক্ষেপ সাময়িকভাবে স্থগিতের আদেশ দিয়েছেন। এক শুনানিতে বিচারক আলসাপ বলেন, অতি গুরুত্বপূর্ণ নয় এমন শিক্ষানবিশ কর্মীদের ছাঁটাইয়ের নির্দেশনা দিয়েছে ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট। তবে ফেডারেল সংস্থার কোনো কর্মীকে, বিশেষত এক বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষানবিশ কর্মীদের ছাঁটাইয়ের আদেশ দেওয়ার এখতিয়ার নেই তাদের।

এদিকে দুই প্রতিবেশী দেশ মেক্সিকো-কানাডার ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক ৪ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই দিন থেকে চীনা পণ্যে আরও ১০ শতাংশ অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দেন তিনি। তাতে সব মিলিয়ে চীনা পণ্যে শুল্ক দাঁড়াচ্ছে ২০ শতাংশ। এ তিন দেশ থেকে যুক্তরাষ্ট্রে এখনো প্রাণঘাতী মাদক ঢুকছে অভিযোগ করে এসব পদক্ষেপ নেওয়ার কথা বলেন ট্রাম্প। ওয়াশিংটনের এ ঘোষণায় পাল্টা শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছে চীনও। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিপরীতে চীন তার আইনসিদ্ধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেরি করবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত