ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রয়েড়া গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সঙ্গে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা-কাটাকাটি হয়। এরই জেরে গতকাল সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রয়েছেন, একই গ্রামের রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম, গোলজার হোসেন, আজিজুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবু কালাম, সাইদুল ইসলাম, আব্বাস আলী, সাইদুর রহমান প্রমুখ।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
