দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশ জারি করেছেন। এক মাসের বেশি সময়ের ব্যবধানে ৭৯টি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। ট্রাম্পের নেওয়া একের পর এক সিদ্ধান্ত এবং তিনি যেভাবে দেশ পরিচালনা করেছেন তার প্রতি সাধারণ নাগরিকদের নেতিবাচক মনোভাব বেড়েছে। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের এক জরিপে এ চিত্র উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র জুড়ে এসএসআরএস এ জরিপ পরিচালনা করেছে। জরিপে তিনটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়। সেগুলো হলো ট্রাম্পের সঙ্গে কতটা একমত, ট্রাম্প যেসব বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন সেগুলো সঠিক কি না এবং তার নীতি দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারছে কি না। ট্রাম্পের কার্যক্রমের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন জরিপে অংশ নেওয়া ৫২ শতাংশ মানুষ। ৪৮ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পের সঙ্গে একমত বলে নিজেদের সিদ্ধান্ত জানান।
