সরকারি স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর পরিবর্তে প্রতি ক্লাসে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য শুধু চলতি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য একটি করে আসন বা সিট বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়, জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারির আদেশ বাতিল করা হয়েছে। নতুন আদেশে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে।
জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত জুলাই অভ্যুত্থানে শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। যথাযথ কর্র্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ শুধু ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে বলেও উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে ২০ ফেব্রুয়ারি স্মারকে গত ২ মার্চ একটি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা থাকবে।
