লুকাস অ্যাকিনস—ইস্পাতদৃঢ় স্নায়ুর এক উদাহরণ! ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে ম্যানসফিল্ড টাউনের হয়ে খেলেন। কিন্তু গতকাল (মঙ্গলবার) যা ঘটেছে, তা অবাক করার মতোই!
সকালে ইংল্যান্ডের লিডস ক্রাউন কোর্টে হাজির হয়ে গাড়িচাপায় এক সাইক্লিস্টের মৃত্যুর ঘটনায় দোষ স্বীকার করেছেন অ্যাকিনস। এরপর রাতে? যেন কিছুই হয়নি—ম্যানসফিল্ডের জার্সিতে নেমে পড়লেন মাঠে! তার দল উইগান অ্যাথলেটিকের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।
ঘটনাটি ২০২২ সালের মার্চের। হাডার্সফিল্ডের কাছে এক গ্রামের রাস্তায় মার্সিডিজ জি৩৫০ চালাচ্ছিলেন অ্যাকিনস। তখনই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সাইকেল আরোহী অ্যাড্রিয়ান ড্যানিয়েল। ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন ৩৩ বছর বয়সী ড্যানিয়েল।
এ ঘটনার পর তদন্ত চললেও ফুটবল খেলা চালিয়ে গেছেন অ্যাকিনস। অবশেষে আদালতে দোষ স্বীকার করেছেন তিনি। তবে এখনই জেল বা জরিমানা হয়নি, তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিল ঘোষণা করা হবে তার সাজা। আপাতত তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অ্যাটকিনসের খেলা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সকালে আদালতে দোষ স্বীকার, আর রাতে মাঠে নামা—এ যেন অবিশ্বাস্য এক দৃশ্য! ম্যাচের প্রথমার্ধে খেললেও পরে চোট পেয়ে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ম্যানসফিল্ড টাউন ক্লাব।
কোচ নাইজেল ক্লফও এ নিয়ে মুখ খুলতে চাননি, ‘এ নিয়ে আমরা কিছু বলতে পারছি না, দুঃখিত। আমরা আগেই বিষয়টি জানতাম, কিন্তু কোনো মন্তব্য করার অবস্থায় নেই।’
পেশাদার ফুটবলে ২০০৭ সালে অভিষেক হয়েছিল অ্যাকিনসের। ক্যারিয়ারে খেলেছেন নর্থউইচ ভিক্টোরিয়া, ট্রানমেয়ার রোভার্স, স্টিভেন্যাঞ্জ, বার্টন অ্যালবিয়নের মতো ক্লাবে। ২০২২ সালে যোগ দেন ম্যানসফিল্ডে, যেখানে গত মৌসুমে ১৪ গোল করে দলকে লিগ টু থেকে লিগ ওয়ানে তোলার নায়ক ছিলেন।
তবে এবার ফুটবলের বাইরে অন্য এক লড়াইয়ে নামতে হচ্ছে তাকে—আদালতের রায়ে কী অপেক্ষা করছে অ্যাকিনসের জন্য, সেটাই এখন দেখার বিষয়!
রিভার্স সুইং ফেরাতে বলে থুতু ব্যবহারের অনুমতি চান শামি
অবসরের সিদ্ধান্ত ক্রিকেটারদেরই নেওয়া উচিত: আকরাম খান 