রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে অর্নব সরদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক অর্নব ঢাবি গ্রন্থাগারে বুক বাইন্ডার হিসেবে কর্মরত।
বুধবার (৫ মার্চ) দুপুরে এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর বিকেলের দিকে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ঢাবি কর্তৃপক্ষ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী ফেসবুকে দুপুরের ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন। একজনের ছবি যোগ করে তিনি লেখেন, ‘এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই ইত্যাদি... ...এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড় দিয়ে চলে যায়।’
পরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়। পোস্ট ভাইরাল হওয়ার পর ঢাবি কর্তৃপক্ষ অভিযুক্ত অর্নবকে শাহবাগ থানায় হস্তান্তর করে।
ওসি খালিদ মনসুর বলেন, উত্যক্ত করার অভিযোগে ঢাবি কর্তৃপক্ষ একজনকে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী একটি মামলা করছেন যেটি প্রক্রিয়াধীন আছে।
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে তিন ধাপ উন্নতি বাংলাদেশের