দেশের বিভিন্ন খাতে কর্মরত লাখ লাখ শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইন সংস্কার করে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে গতকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন।
প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমাদের সব কিছু ইতিবাচকভাবে করতে হবে এবং কাজগুলো সম্পন্ন করতে হবে। এখানে কোন অজুহাত দেওয়া চলবে না।’ বাংলাদেশের শ্রম খাতে কর্মীদের বীমা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যোগ দেন। তিনি জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের হয়ে অংশগ্রহণ করবেন। লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ ইতিমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তুয়োমো পুশিয়াইনেন উপস্থিত ছিলেন।
জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।
