আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা অধিদপ্তর ও কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আলোচনা সভা ও উপজেলার প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মানে নারীদের সহিংসতা প্রতিরোধে আরও সোচ্চার হওয়া। নারীদের আরও সচেতন হওয়া, নারীদের নিজেদের আরও স্বাবলম্বী হতে সুযোগ গ্রহণ করা, সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পদক্ষেপ নেওয়া।
জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কৃষি অফিসার ফারজানা তাছলিম, আনসার ও ভিডিপি অফিসার ওবায়দুর রহমান, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক ও বিভিন্ন এনজিওর কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী, নারী উদ্যোক্তা, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সভা শেষে মহিলা অধিদপ্তরের বিভিন্ন শাখা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের পুঁজি হিসেবে চেকের মাধ্যমে অর্থ প্রদান করা হয়।
