বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে নতুন করে কেউ ধর্ম, কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়।’
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় টুকু এ কথা বলেন।
জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি গঠনের তুলনা করা ভুল মন্তব্য করে টুকু বলেন, ‘৬৯-এর গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল কিন্তু দল করেনি, ক্ষমতায় যেতে চায়নি। একটা গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যাতে পতিত স্বৈরাচার ফিরে আসে।’ তিনি বলেন, ‘তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হতেই হবে। কোনো দল হুমকি-ধমকি দিলে বিএনপিও আর চুপচাপ বসে থাকবে না।’
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে গতকাল রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘কারও সঙ্গে দেখা হলে আগে মানুষ শরীর -পরিবারে খোঁজখবর নিতেন। আর এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে।’
