অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, শিশুসহ আটক ৭

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৯ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে শিশুসহ ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটকরা হলেন- কুলাউড়ার বরমচাল ইউনিয়নের বাসিন্দা রাম দাস কানু, শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সুদামা রবি দাস, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের বাসিন্দা বিনা কানু, তার শিশুকন্যা রিথিকা কানু, অনু কানু, তনু কানু ও তিন্নি কানু।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পালবাড়ি এলাকা দিয়ে মানব পাচারকারী আলাল মিয়া, আমির হামজা ও সানোয়ার হোসেন আটকদের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করেন। এ সময় লালারচক বিজিবির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যায়।’ কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, ‘বিজিবির করা মামলায় আটকদের আদালতে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত